
নিজস্ব সংবাদদাতা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের “ট্রাক” প্রতীকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করবেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন।
৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন জাকির হোসেন নিজেই।
জানা যায়, জাকির হোসেন জেলাভিত্তিক পত্রিকা দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে নিজেকে সম্পৃক্ত রেখে মানবিক নানান কাজ করে সুনাম কুড়াচ্ছেন।
এ বিষয়ে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান জানান, মনোনয়ন ফরম ক্রয়ের জন্য জননেতা জাকির ভাই চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩ টায় চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় কার্যালয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের সাথে সাংগঠনিক সাক্ষাৎ শেষে মনোনয়ন ফরম ক্রয় করবেন। কাজেই এ আসনটিতে তিনিই ট্রাক প্রতীকে মনোনয়ন পেতে যাচ্ছেন।
এদিকে আগামীর বাংলাদেশ বিনির্মানে তরুণ জনপ্রতিনিধিদের ভোটাররা বেছে নিবেন প্রত্যাশা রেখে জাকির হোসেন বলেন, এই চাঁদপুর সদর ও হাইমচর আসনে অনেক উন্নয়নমুখী কাজ দেখতে চায় মানুষ। যদি ট্রাক প্রতীক বিজয়ী হয় তাহলে অবশ্যই মানুষের মনবাসনা পূরণ করতে সবাইকে সাথে নিয়ে কাজ করবো। আমি চাঁদপুর-৩ (সদর হাইমচর) আসনের সকল ভোটারদের কাছে দোয়া চাচ্ছি।
