মামুন হোসাইনঃ করোনা ভাইরাসে সংক্রমণ মোকাবেলাসহ সংশ্লিষ্ট কাজের জন্য চাঁদপুরের ফরিদগঞ্জ থানা সুপার হিরো পুলিশ বাহিনী থেকে কুইক রেসপন্স টিম গঠন করেছে।
থানা পুলিশের এসআই ও এএসআই পদমর্যাদার বেশ কয়েকজন চৌকুশ পুলিশ কর্মকর্তার সমন্বয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নেতৃত্বে এই টিম পুরো উপজেলা করোনা মোকাবেলায় তাৎক্ষনিক কাজ করবে। থানার ওসি ,ইন্সপেক্টর (তদন্ত) ও ডিউটি অফিসারের নাম্বারে ফোন দিলে তাৎক্ষনিক এই টিমের সদস্যরা ঘটনাস্থলে সেবা দিতে পৌঁছে যাবে।
এছাড়াও করোনা বিষয়ে সরকার নির্ধারিত কর্মকান্ড সম্পন্ন করতে কুইক রেসপন্স টিম সামনে থেকে নেতৃত্ব দিবে। ১০ই এপ্রিল শনিবার দুপুরে এই টিমের যাত্রা শুরুর প্রাক্কালে ব্রিফিং করেন থানা ওসি আব্দুর রকিব। এসময় তিনি বলেন, দেশের এই দু:সময়ে পুলিশ হিসেবে আমাদের কর্তব্য সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। তাই আপনারা প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে কাজ শুরু করেন। মানুষের পাশে দাঁড়ান।
কুইক রেসপন্স টিমের গঠন নিয়ে ওসি আব্দুর রকিব জানান, করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে ক্রমবর্ধমান পরিস্থিতি এবং গ্রামের মানুষ জনের তথ্য দিতে অনিহার বিষয়টি বিবেচনা করে এই টিম গঠন করা হয়েছে। সবসময় মাঠে থাকবে সুপার হিরো পুলিশ বাহিনী। আমি নিজে এই টিমের নেতৃত্ব দিবো। উদ্দেশ্য একটাই, করোনামুক্ত ফরিদগঞ্জ উপহার দিতে আমদের শতভাগ চেষ্টা করা।

