রাফিউ হাসানঃ করোনা ভাইরাসের জন্য আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ হতে বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষরা। ডাক্তাররা রয়েছেন এই ভাইরাসের ঝুঁকিতে সবচেয়ে বেশি। তাদের এই ক্রান্তির সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওয়ালটন।
দেশের যেকোনো দুর্যোগময় মুহূর্তে সব সময় পাশে থেকেছে দেশের মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কোম্পানি ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটন করোনা দুর্যোগে দেশব্যাপী স্বাস্থ্যকর্মীদের বিশেষ নিরাপত্তা পোশাক বিতরণ করছে।
শনিবার (৪ এপ্রিল) দেশের অন্য স্থানের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) প্রদান করা হয়েছে।
এদিন সন্ধ্যায় হাসপাতালে পিপিই প্রদান করে ওয়ালটন কর্তৃপক্ষ। এসময় ওয়ালটনের পক্ষে রাইজিং বিডির চাঁদপুর সংবাদদাতা অমরেশ দত্ত জয় চিকিৎসকদের মাঝে এসব পিপিই সরবরাহ করেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রতীক সেন ১৫ পিস পিপিই গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাছান, সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ডাঃ প্রতীক সেন পিপিই গ্রহণ শেষে বলেন, আশা করছি ওয়ালটনের দেওয়া এসব পিপিই চিকিৎসকরা ব্যবহার করে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

