
মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলার মহামায়া চরবাকিলা ঠাকুরবাড়ী এলাকায় মহাসড়কে এবার পিকাপ ও অটো সংঘর্ষে মারাত্মক আহত হলো ইউনিয়ন বিএনপি নেতা ও কলেজছাত্রীসহ ৩জন। আহত সবাই চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসময় পিকাপসহ চালককে আটক করেছে স্থানীয়রা। মহাসড়কে গতিরোধ দেওয়ার জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, আজ ৮জুন বৃহস্পতিবার দুপুর ১টার কিছু পরে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলা মহামায়া ঠাকুর বাড়ীর
সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মহামায়াগামী যাত্রীবাহী অটোকে চাঁদপুরগামী এসিআই কোম্পানীর পণ্য সরবরাহকারী (ঢাকা মেট্রো- ন ১৬- ৬৪৬২) পিকাপ পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটো রিক্সাটি মুচড়ে যায়। এসময় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করান।
জানা গেছে, চরবাকিলা এলাকার বিনয় রায়ের কন্যা চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী এনি রায় চাঁদপুর সরকারী কলেজে যাওয়ার জন্য সড়কের পাশে অবস্থান করছিলেন। পরে একটি অটো এনি রায়কে উঠাতে দাঁড় করান। এসময় পিছন থেকে চাঁদপুরগামী এসিআই কোম্পানীর পিকাপ অটোকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে এনি রায় নাক ও দাঁত সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পায়।
এসময় অটোতে থাকা শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল দেওয়ানের হাত ভেঙ্গে যায় এবং চোখের নিচেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান।
এছাড়া অটো চালক জুলাসের হাত ভাঙা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে।
উল্লেখ্য, উক্ত স্থানে গত ২৮মে প্রাইভেটকারের চাপায় হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন।
এলাকাবাসীর জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এই অংশ বেশ ঝুঁকিপূর্ণ।
এখানে গতিরোধক না থাকায় সকল প্রকার যানবাহনগলো খুব দ্রুত গতিতে চলাচল করে। ফলে এখানে নিয়মিত ছোট বড় দূর্ঘটনা ঘটে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি গতিরোধ দেওয়ায় জন্য সড়ক বিভাগের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
