
মোঃ হোসেন গাজীঃ হাইমচরে চরভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইতিমধ্যেই। তারই ধারাবাহিকতায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ ভুট্টো মুন্সির সহধর্মিণী চেয়ারম্যান প্রার্থী জেসমিন রশিদ শিমুলের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার চরভৈরবী প্রার্থীর নিজ বাড়ির উঠোনে এ সভা অনুষ্ঠিত হয়। মোল্যা কান্দি যুব সংঘের সাধারণ সম্পাদক বশির মোল্লার সভাপতিত্বে ও গাউসুল আযম ছবরিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক রেজাউল করিম রাজিবের সঞ্চালনায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী জেসমিন রশিদ শিমুল।
তিনি তার বক্তব্যে বলেন- রাজনীতি বা নির্বাচন বড় কথা নয়, সেবাই পরম ধর্ম। যুগ যুগ ধরে মুন্সি বাড়ির মানুষ নিঃস্বার্থে স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমার স্বামী এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছে। চরভৈরবী ইউনিয়ন ছাড়াও হাইমচর উপজেলা অসহায়, দিনমজুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আমার স্বামী হারুনর রশীদ ভুট্টো মুন্সি।
তিনি বলেন- উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নিঃস্বার্থ সেবার মনোবাসনা নিয়ে এবার নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।আপনাদের সাথে নিয়ে চরভৈরবী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দিব। সাথে সাথে অবহেলিত এ চরভৈরবীকে উপজেলার সেরা ইউনিয়ন করে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো- ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ ভুট্টো মুন্সি, বিশিষ্ট সমাজ সেবক মকবুল হোসেন মাস্টার, আব্দুর রহমান সরকার, শাহ আলম মাস্টার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নান্টু ভূইয়া, মমিন দালাল, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ি চুন্নু মিয়া, সম্ভাব্য মেম্বার প্রার্থী নাজমুল হাসানসহ চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সমাজ সেবক ও সুশীল সমাজের একাংশ।
