রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মতলব দক্ষিণে মিনি ড্রেজারে মাটি কাটার অভিযোগ

হিলশা নিউজ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের বহরী আড়ং বাজারের পশ্চিম পাশে নতুন মসজিদের উত্তর দিকে মিনি ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিনি ড্রেজার দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে। এতে আশপাশের কৃষিজমি ভাঙন ও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনি ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করে বিক্রি করায় পার্শ্ববর্তী জমিগুলোর মাটি ধসে পড়ার ঝুঁকি বাড়ছে। এতে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, আব্দুর রাজ্জাক সৈয়াল নামের এক ব্যক্তি মিনি ড্রেজার দিয়ে মাটি কেটে বিক্রি করছেন। সরকারি অনুমোদন ছাড়া এভাবে দিনের পর দিন মাটি কাটার ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের পশ্চিম-দক্ষিণ পাশের এলাকায় দীর্ঘদিন দিন ও রাতে সরকারি বদ্ধের দিন মাটি কাটার কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসনের কর্মকর্তাদের সামনে কীভাবে এ কার্যক্রম চলমান রয়েছে—এ নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত মাটি কাটার কার্যক্রম বন্ধ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত খননকাজ বন্ধ করা না হলে মাটি ধসে আশপাশের কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক সৈয়ালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
স্থানীয় সুশীল সমাজের দাবি, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

আপনার মন্তব্য প্রদান করুন...