মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, যানজট নিরসন, ইলিশ রক্ষা, অবৈধ ইটভাটা ও পলিথিনবিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ ১৯টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম জেলায় চলতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবীদের পুনর্বাসন ও সচেতনতা বাড়াতে কারাগারে প্রশিক্ষণের ব্যবস্থা আরও জোরদার করা হবে। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবারের সদস্যদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর নজর রাখতে হবে।
জেলা প্রশাসক জানান, কিশোরদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি শুক্রবার ইউএনওরা মসজিদে গিয়ে জনসচেতনতামূলক প্রচার চালাবেন।
যানজট নিরসনে প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় অবৈধ ইটভাটা, খালের মাটি অবৈধভাবে ব্যবহার, নিষিদ্ধ পলিথিন ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
এছাড়া আসন্ন ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে কঠোর অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ‘মিনি কক্সবাজার’ এলাকায় ট্রলার থেকে চাঁদাবাজির অভিযোগের বিষয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি, হাসপাতালের সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, চেম্বার অব কমার্সের সভাপতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...