বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় সৌহার্দ ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে তিন চোরসহ এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় সৌহার্দ ফার্মেসির টিনের শাটারের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ফার্মেসি থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।
এ ঘটনায় ফার্মেসির মালিকের অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্রের সহায়তায় চুরি চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন চোর ও এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় চুরি হওয়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ এবং কিছু চুরি যাওয়া ওষুধ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, চুরির ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...