বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রায় ১৫ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার খিদিরপুর এলাকার মাছুয়াখালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—মো. জালাল জমদ্দার, মো. সেলিম জমদ্দার, সুফিয়ান জমদ্দার, কামরুল জমদ্দার ও মানিক মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে হঠাৎ মো. জালাল জমদ্দারের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বসতঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি বসতঘর, পাঁচটি রান্নাঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত মো. জালাল জমদ্দার বলেন, ‘হঠাৎ আগুনে আমাদের ঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি বসতঘর ও পাঁচটি রান্নাঘরসহ স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সব পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। এখন কোথায় থাকব, সেটাও জানি না।’
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...