বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুর সদর উপজেলার তালতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক লিটার ভারতীয় তৈরি ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর থানাধীন তালতলার পাটোয়ারী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তালতলা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের নিজ দখলীয় দক্ষিণমুখী একতলা বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত দুই কক্ষের একটি ইউনিট থেকে একটি সিনথেটিক শপিং ব্যাগে রাখা পত্রিকার কাগজে মোড়ানো ভারতীয় তৈরি ফেয়ারডিল (FAIRDYL) নামের ১০ বোতল তরল পদার্থ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সর্বমোট এক হাজার মিলিলিটার বা এক লিটার তরল পদার্থ ছিল।
জব্দ করা তরল পদার্থে কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিনের মিশ্রণ রয়েছে বলে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হিলশা নিউজ ডটকম
আপনার মন্তব্য প্রদান করুন...