বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশচন্দ্রপাঠ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।
এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও মেশিন ভেঙে দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় খুটামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্রপাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, হাবিবুর মেম্বারের নেতৃত্বে বোমা মেশিন ও ড্রেজার মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
অভিযানের সময় ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনের পাইপ ও মেশিন সরিয়ে নেওয়ার পাশাপাশি কয়েকটি যন্ত্রপাতি ভেঙে দেওয়া হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জলঢাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোল্লা ইফতেখার আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তানজীর ইসলাম ও মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া র্যাবের এএসপি তৌহিদসহ পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বোমা ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে কৃষিজমি ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...