বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের পশ্চিম পাশে একটি মাছের ঘেরে আবহাওয়া পরিবর্তনের কারণে গ্যাস সৃষ্টি হয়ে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘেরের মালিকপক্ষের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দ্রা বাজারের পশ্চিম পাশে অবস্থিত ওই মাছের ঘেরে হঠাৎ করে পানিতে গ্যাসের সৃষ্টি হয়।
এর ফলে ঘেরের বিপুলসংখ্যক মাছ মারা যায়। পরে মৃত ও দুর্বল মাছ পানিতে ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী ও আশপাশের লোকজন ঘের থেকে মাছ তুলে নিয়ে যায়।
ঘেরের মালিক মিজান কাজী ও শামীম পাটোয়ারী জানান, আবহাওয়া পরিবর্তনের কারণে পানিতে গ্যাস সৃষ্টি হয়ে মাছগুলো মারা গেছে বলে তারা ধারণা করছেন।
এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মাছ মারা গেছে। মাছ নিয়ে যাওয়ার পর সার্বিক ক্ষতির পরিমাণ আরও বেড়ে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা হয়েছে বলে দাবি করেন তারা।
এ ঘটনায় ঘেরের মালিকপক্ষ আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। হঠাৎ করে বিপুল পরিমাণ মাছ মারা যাওয়ায় স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘেরের পানিতে কী কারণে গ্যাসের সৃষ্টি হয়েছে এবং মাছের মৃত্যুর প্রকৃত কারণ কী—তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
আপনার মন্তব্য প্রদান করুন...