বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে মো. আবুল বাশার (৪৭) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ও হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় হাজীগঞ্জ থানাধীন চেঙ্গাতলী বাজারে ইসমাইল স্টোরের সামনে সড়কের ওপর। এ সময় আবুল বাশারের কাছ থেকে সাদা কাগজে মোড়ানো গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল বাশার হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওদুন (বোয়াল বাড়ি) গ্রামের মৃত আমিন আলীর ছেলে।
পরে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে আবুল বাশারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...