রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের তিতারবিদা এলাকার রাস্তার পাশের সরকারি গাছ প্রশাসনের অনুমতি ছাড়াই কেটে বিক্রি করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতারবিদা এলাকার মৃত আব্দুল লতিফ তালুকদারের ছেলে ইলিয়াছ তালুকদার রাস্তার পাশে থাকা সরকারি গাছ কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা সরকারি টেন্ডার ছাড়াই অবৈধভাবে কেটে নিয়ে যান। পরবর্তীতে তিনি গাছটি প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকায় বিক্রি করে দেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরকারি সম্পত্তি ও রাস্তার ধারের সামাজিক বনায়নের গাছ এভাবে প্রশাসনের অনুমতি ছাড়া কাটা ও বিক্রি করা আইনত সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এই ঘটনার পর এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
তারা সরকারি সম্পদ আত্মসাৎকারী এই ব্যক্তির বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও বন বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
আপনার মন্তব্য প্রদান করুন...