শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
কে.এম. হাছান:
রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে যাত্রা শুরু করেছে ‘মা ও শিশু হাসপাতাল’।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী-চতুরা নামক স্থানে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে হাসপাতালটির উদ্বোধন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বেলাল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
হাসপাতালের পরিচালক আমান উল্লাহ খান ফরাবী ও মো. কামাল হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলী হায়দার টিপু পাঠান, হাসপাতালের ভাইস চেয়ারম্যান আব্দুস মালাম ও ব্যবস্থাপনা পরিচালক সুজন চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন, পরিচালক প্রশাসন তাফাজ্জল হোসেন পাটওয়ারী, পরিচালক অর্থ সালাউদ্দিন, মার্কেটিং পরিচালক মেহেদী হাসান, পরিচালক সদস্য খোরশেদ আলম পাটওয়ারী, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, ‘মা ও শিশু হাসপাতাল’ সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেবে। পাশাপাশি এ হাসপাতালটি ফরিদগঞ্জসহ আশপাশের এলাকার স্বাস্থ্যসেবার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাহাবুব আলম। পরে দোয়া পরিচালনা করেন তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্যাথলজিক্যাল সুবিধাসম্পন্ন এ হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু থাকবে। পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় অপারেশনের সুবিধাও থাকবে।
এ ছাড়া হাসপাতালের কল্যাণ তহবিলের মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য প্রদান করুন...