বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) কচুয়া থানাধীন কড়ইশ-কচুয়া প্রধান সড়কের দক্ষিণ পাশে ইব্রাহিমের ছয়তলা ভবনের সামনে সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হান্নান সেকান্দারের বাড়ির বাসিন্দা মো. ইউসুফ (৩৫) এবং কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী বাচ্চু মিয়া ওরফে ফজলু (৩৬)। ফজলুর স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার শিবচর থানার পুরান কুতুবপুর ইউনিয়নের আদেল মুন্সি কান্দী (মুন্সিবাড়ি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে মো. ইউসুফের পরিহিত জিনস প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা ১০০ পিস এবং বাচ্চু মিয়া ওরফে ফজলুর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে একই ধরনের প্যাকেটে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর রং কমলা বর্ণের। জব্দ করা ইয়াবার মোট সংখ্যা ১১০ পিস এবং ওজন ১১ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. হুমায়ুন কবির ভূঁইয়া, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
আপনার মন্তব্য প্রদান করুন...