বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
কে. এম. হাছান:
চাঁদপুরের ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা তিন শতাধিক দরিদ্র ও অসহায় নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন অনন্যা যুব নারী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেলের নেতৃত্বে চিকিৎসাসেবা প্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ও মাইক্রোসার্জন ডা. মো. হানিফুর রহমান, মেডিসিন এবং নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান এবং মেডিসিন, গ্যাস্ট্রোলিভার ও পরিপাকতন্ত্রের চিকিৎসক ডা. মো. ওমর ফারুক।
ক্যাম্পে অভিজ্ঞ ল্যাব টেকনোলজিস্টদের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পর রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ও দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন। তাঁদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন নারী জানান, অর্থাভাবে শহরে গিয়ে চিকিৎসা নেওয়া তাঁদের জন্য বেশ কষ্টসাধ্য।
চিকিৎসকের ফি ও ওষুধের খরচ বহন করাও তাঁদের পক্ষে কঠিন। নিজ এলাকায় অনন্যা যুব নারী কল্যাণ সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনন্যা যুব নারী কল্যাণ সংঘের সভাপতি রাবেয়া আক্তার বলেন, “আমাদের সংগঠন বিশেষ করে নারীদের কল্যাণে কাজ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। মানুষের কল্যাণে আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ বলেন, “অনন্যা যুব নারী কল্যাণ সংঘের এ ধরনের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। যাঁরা অর্থের অভাবে শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁরা এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অনেক উপকারী।”
চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল বলেন, “ছুটির দিনে বিনামূল্যে চিকিৎসাসেবার এ আয়োজনে অংশ নিতে পেরে ভালো লাগছে। আমরা চেষ্টা করছি, যেন দরিদ্র ও অসহায় মানুষ কিছুটা হলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান।”
স্থানীয় পর্যায়ে এমন মানবিক উদ্যোগের ফলে অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা।
আপনার মন্তব্য প্রদান করুন...