বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাছিমপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের দেওয়া তথ্য অনুযায়ী, মাছিমপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা বিল্লাল হোসেনের বসতঘর ও দেহ তল্লাশি করে তাঁর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকেটে থাকা গোলাপি রঙের ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোতে মিথাইল অ্যামফিটামিন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার মো. বিল্লাল হোসেন মাছিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল ও মৃত মইফল বেগমের ছেলে। তিনি কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. হুমায়ুন কবির ভূঁইয়া, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
আপনার মন্তব্য প্রদান করুন...