বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
রবি মৌসুমের ফসল উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের বীজ বিতরণ
মোঃ আরিফুর রহমান সাগর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে রূপা আমন ধানের আশানুরূপ ফলন পেয়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে উপজেলা কৃষি বিভাগ। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। অন্যদিকে আমন ধান কাটার পাশাপাশি নতুন মৌসুমের বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ফরিদগঞ্জ উপজেলায় রূপা আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০ হেক্টর জমি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৮৬২ মেট্রিক টন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার আশানুরূপ ফলন পেয়েছেন। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি তা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ১৫০ হেক্টর জমি। এ লক্ষ্যে কৃষকরা ইতোমধ্যে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু করেছেন।
এদিকে রবি মৌসুমের বিভিন্ন ফসলের আবাদ বাড়াতে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা কৃষি অফিস। আজ বুধবার সকাল ১০টা থেকে কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের শাকসবজি, আলু, ভুট্টা, বাদাম, শসাসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত করা এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় কৃষকদের সরিষা, গম, ভুট্টা, মসুরসহ বিভিন্ন রবি ফসলের আবাদে আগ্রহী হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ এবং সঠিক সময়ে ফসলের পরিচর্যা করার পরামর্শ দেওয়া হয়।
ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার আশাবাদ ব্যক্ত করে বলেন, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি রবি মৌসুমে কৃষকরা নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন করতে পারবেন। কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে উপজেলা কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখবে।
কৃষি বিভাগের প্রত্যাশা, আমন ধানের ভালো ফলনের ধারাবাহিকতা বজায় রেখে বোরো ও রবি মৌসুমেও ফসল উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে ফরিদগঞ্জে।
আপনার মন্তব্য প্রদান করুন...