মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
মতলব দক্ষিণ প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও এলাকায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ছিদ্দিক মিয়াজী (৪৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নওগাঁও সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের মৃত আব্বাস মিয়াজী ও মানিকজান বেগম দম্পতির ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজের অটোরিকশা নিয়ে বাড়ির পাশের নওগাঁও আড়ংবাজার থেকে উপজেলার নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন ছিদ্দিক মিয়াজী। এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না।
নওগাঁও সেতু এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জলাবদ্ধ জমিতে উল্টে পড়ে। এতে অটোরিকশার চালক ছিদ্দিক মিয়াজী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. হায়দার মিয়াজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই আগে থেকেই কিছুটা অসুস্থ ছিল। তার আয়েই আমাদের সংসার চলত। ভাইটা মারা গেল, এখন তার স্ত্রী ও তিন সন্তান কীভাবে চলবে—তা বুঝতে পারছি না।’
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোরিকশাচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...