শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের বড় স্টেশন লোক কলোনি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ আব্দুল রহিম (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও দুই আসামি পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন লোক কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের পরিচালনায় বাংলাদেশ পুলিশ, চাঁদপুর সদর মডেল থানা ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বড় স্টেশন লোক কলোনিতে মোঃ আব্দুল রহিমের দক্ষিণমুখী দুই কক্ষবিশিষ্ট বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল রহিম (৪৬) চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন লোক কলোনির বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবুল কালাম। তার স্থায়ী ঠিকানা চাঁদপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর ঘাট (গাজী বাড়ি) এলাকায়।
এ ঘটনায় অভিযুক্ত অপর দুই ব্যক্তি হলেন—মোঃ ফারহান রানা (৩২) ও মোঃ জয় ইসলাম (২৬)। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
অভিযান শেষে জব্দ করা আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার বাদী হিসেবে রয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা।
আপনার মন্তব্য প্রদান করুন...