শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধারের একদিনের মাথায় একই শহরের বড় স্টেশন এলাকা থেকে আরও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মোঃ আব্দুর রহিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকাও উদ্ধার করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন লোককলোনি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুর রহিমের বসতঘর থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আব্দুর রহিম চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বড় স্টেশন লোককলোনি এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা বর্তমানে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র ও পূর্বের বিভিন্ন প্রতিবেদনে আব্দুর রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। ২০২৩ সালেও তাকে ও আরও কয়েকজন কথিত মাদক কারবারিকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল বলে জানা গেছে। তবে এর আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকা থেকে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটে। এর একদিনের ব্যবধানে বড় স্টেশন এলাকা থেকে আরও ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় চাঁদপুরে মাদকবিরোধী অভিযান ও নজরদারি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সচেতন মহলের প্রত্যাশা, সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া বড় দুটি চালানের উৎস ও সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করে মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে চাঁদপুরকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...