বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মতলব দক্ষিণে ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড স্থাপন চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১ বছরে পদার্পণ চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম

মতলব দক্ষিণে ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড স্থাপন

হিলশা নিউজ ডেস্ক / ৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে নির্মিত হচ্ছে নতুন ভবন, উপকৃত হবেন পুরো ইউনিয়নবাসী

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তি ও শিক্ষানুরাগী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে ইউনিয়ন পরিষদের নতুন ভবন। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি পুরো ইউনিয়নবাসী উন্নত নাগরিক সেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আহাম্মেদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, চাঁদপুর জেলা তাঁতী দলের সহ-সভাপতি ও ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হাজী ইলিয়াস মিজি।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সেবাপ্রতিষ্ঠান। তাই পরিষদের অবস্থান এমন হওয়া প্রয়োজন, যেখান থেকে ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষ সহজে নাগরিক সেবা গ্রহণ করতে পারেন।

বক্তব্যে হাজী ইলিয়াস মিজি বলেন, একসময় দক্ষিণ উপাদী ও উত্তর উপাদী নিয়ে একটি ইউনিয়ন পরিষদ ছিল। সে সময় ইউনিয়নের মধ্যবর্তী স্থানে বহরি আড়ং বাজারের পূর্বদিকে সম্মিলিতভাবে পরিষদটি প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তীতে দক্ষিণ উপাদী পৃথক ইউনিয়ন হিসেবে গঠিত হওয়ায় উত্তর উপাদী ইউনিয়ন পরিষদের বর্তমান অবস্থানটি ইউনিয়নের এক প্রান্তে পড়ে যায়। ফলে অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাদের পরিষদে যাতায়াত করতে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদ ভবনটি জরাজীর্ণ ও বেহাল অবস্থায় থাকায় সেবা প্রদান এবং গ্রহণ—উভয় ক্ষেত্রেই নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় একটি আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। সেই প্রয়োজন থেকেই ইউনিয়নের মধ্যবর্তী স্থান তিতার ভিটায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

হাজী ইলিয়াস মিজি বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নতুন পরিষদ ভবন নির্মাণের জন্য এলাকার বিশিষ্ট দানশীল ব্যক্তি, শিক্ষানুরাগী ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর কাছে জমি দেওয়ার অনুরোধ জানানো হলে তিনি উদারভাবে তাঁর সম্পত্তি দান করেন। তাঁর দেওয়া জমিতেই আজ নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান ও ইউপি সদস্যরা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করেছেন। নানা প্রতিবন্ধকতা ও সমস্যার মধ্যেও তাঁরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। পাশাপাশি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরও এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও দুইবারের সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরণ এবং বিল্লাল হোসেন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম প্রধানসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ।

হাজী ইলিয়াস মিজি বলেন, ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দান করা জমিতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের মধ্য দিয়ে এ এলাকাকে একটি আধুনিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ভূমি অফিস, পোস্ট অফিস, ভোকেশনাল ইনস্টিটিউট, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, কলেজ, গণকবরস্থান, দিঘি, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। পাশেই রয়েছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। ভবিষ্যতে এ এলাকায় আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে ইঞ্জিনিয়ার আবুল বাশার পাটোয়ারীর দেওয়া খেলার মাঠের অবদানের কথা উল্লেখ করে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষেরা উপাদী গ্রামের সুনাম ও ঐতিহ্য প্রতিষ্ঠা করে গেছেন। আমরাও এলাকার মানুষের কল্যাণে স্থায়ী কিছু করে যেতে চাই। নতুন ইউনিয়ন পরিষদ ভবনটি হবে পুরো ইউনিয়নবাসীর গর্ব, আস্থা ও নাগরিক সেবার ঠিকানা।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুবদলের সাবেক আহ্বায়ক খালেক মিজি। এ সময় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন নতুন ভবন নির্মাণকাজের ঠিকাদারদের উদ্দেশে বলেন, এলাকার মানুষের পক্ষ থেকে তাঁর অনুরোধ—নির্মাণকাজে অবশ্যই উন্নতমানের ইট, ভালো সিমেন্ট ও মানসম্মত কংক্রিট-পাথর ব্যবহার করতে হবে এবং সরকারি সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, ভবন নির্মাণের কাজটি নিজে নেওয়ার ইচ্ছা থাকলেও তা তাঁর ভাগ্যে হয়নি। তবে কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, অতীতে জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনের ছাদের অংশ ভেঙে চেয়ারম্যান, মেম্বার ও সেবাগ্রহীতাদের ওপর পড়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন ভবনের ক্ষেত্রে এমন ঘটনা যেন আর না ঘটে। তিনি চান, ভবনটি যেন টেকসই, নিরাপদ ও উন্নত নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হয়, যাতে জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ নিশ্চিন্তে সেবা গ্রহণ করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি, জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কবির পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সরকার, জসিম ঢালী, পাংকু পাটোয়ারী, শামীম পাটোয়ারী, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তোফায়েল আহমেদ মন্টু ও জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী মো. জামাল প্রধান এবং শান্তিনগর বাজারের সভাপতি শাহজাহান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন ভবন নির্মাণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পরিষদ ভবন নির্মিত হলে দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি কমবে এবং নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন ভবনটি হবে আধুনিক, নিরাপদ ও জনবান্ধব একটি সেবাপ্রতিষ্ঠান, যেখানে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে নাগরিক সেবা পাবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...