মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী আমিনুল ইসলামের বাসায় আরবি পড়তে যেত। আরবি পড়ানোর সুযোগে ওই শিক্ষক শিশুটির সঙ্গে অশোভন আচরণ এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে একই ধরনের ঘটনার পর শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন্নাহার শিশুটির কাছে কান্নার কারণ জানতে চাইলে সে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি শিক্ষিকাকে জানায়।
শিক্ষিকা বিষয়টি শিশুটির পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে জানানো হয়। চেয়ারম্যান বিষয়টি শাহরাস্তি মডেল থানায় অবহিত করলে পুলিশ শিশুটির বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়।
পরে সোমবার রাতে উপজেলার উল্যাশ্বর এলাকা থেকে আমিনুল ইসলামকে আটক করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনাটি নিন্দনীয়। সংবাদ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আমিনুল ইসলাম জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।
আপনার মন্তব্য প্রদান করুন...