মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
কে. এম. হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হোসেন জানান, শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন রফিকুল ইসলাম। সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁর চিৎকার শুনতে পান।
এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও অন্যান্য স্বজন গাছের দিকে তাকিয়ে দেখতে পান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশে আগুনের শিখা দেখা যাচ্ছে। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন এবং গাছের ওপরই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হানিফ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে তাঁর মরদেহ নিচে নামানো হয়।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...