বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৮৫ পিস ইয়াবা ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হযরত আলী (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হযরত আলী ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি হাতিরবন গ্রামের ইসমাইল মেম্বারের বাড়ির বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত আলীর নিজ দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়।
এ সময় ঘরের পশ্চিম-দক্ষিণ পাশের কক্ষ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির সন্দেহে বিভিন্ন মুদ্রার নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/২৬(১) ধারায় কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
আপনার মন্তব্য প্রদান করুন...