সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
চাঁদপুরের বাবুরহাট-মতলব সড়কের মাথায় সিএনজি অটোরিকশা চালকদের যত্রতত্র সিরিয়াল করে গাড়ি রাখার কারণে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সিএনজি অটোরিকশাগুলো সড়কের ওপর তিনটি সিরিয়ালে দাঁড় করিয়ে রাখায় রাস্তার একটি বড় অংশ দখল হয়ে যাচ্ছে। ফলে ঢাকা থেকে আসা-যাওয়া করা যানবাহনসহ স্থানীয় ছোট-বড় যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও একাধিকবার সিএনজি চালকদের সড়কের ওপর গাড়ি না রাখার জন্য বলা হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, চালকরা এতে কর্ণপাত না করে নিজেদের ইচ্ছামতো সড়কের মাথায় গাড়ি রেখে সিরিয়াল পরিচালনা করছেন।
স্থানীয়দের দাবি, সড়কের ওপর সিএনজি অটোরিকশার সিরিয়াল না রেখে নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখা এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা করা হলে যানজট অনেকটাই কমে আসবে। একই সঙ্গে সড়কের গুরুত্বপূর্ণ অংশ দখল করে গাড়ি রাখার বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনার দাবি জানিয়েছেন তারা।
জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
আপনার মন্তব্য প্রদান করুন...