শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর:
মতলব দক্ষিণ উপজেলার ৪নং পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বাদল বলেন, “প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে।
আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু তাদের জন্য নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্যও গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সারোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান এবং ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকারসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সোহেল মাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল আলম।
আলোচনা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী এবং বর্তমানে ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোঃ আল আমিন গাজীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি এনামুল হক বাদলসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...