সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব পৌরসভার বাবুর পাড়া এলাকায় মেয়ের স্বামী প্রবাসে থেকে কষ্টার্জিত প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শ্বশুর স্বপন খানের বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়ায় উল্টো মেয়ে শাহনাজের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা দায়েরের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় সহায়-সম্বল হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন শাহনাজ ও তাঁর শ্বশুর তাজুল ইসলাম মিয়াজি। বিষয়টি নিয়ে তারা মতলবে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, শাহনাজের স্বামী রবিউল মিয়াজি প্রায় চার বছর প্রবাসে ছিলেন। এ সময় বিভিন্ন কৌশলে শাহনাজের বাবা স্বপন খান ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট ১৭ লাখ টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে।
রবিউল মিয়াজি দেশে ফিরে ওই টাকা ফেরত চাইলে স্বপন খান টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে দাবি করেন ভুক্তভোগীরা। পরে কোনো উপায় না পেয়ে শাহনাজ মতলব দক্ষিণ থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের দাবি, ওই সালিসে স্বপন খান ১২ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করেন। তবে সালিসের কয়েকদিন পর তিনি তাঁর অবস্থান পরিবর্তন করে টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগ শাহনাজের।
এদিকে, মেয়ে শাহনাজ কোনো টাকা পাবে না দাবি করে স্বপন খান উল্টো চাঁদপুর আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শাহনাজ ও তাঁর শ্বশুর তাজুল ইসলাম মিয়াজি ঘটনার সুষ্ঠু তদন্ত, আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাই এবং ন্যায়বিচারের দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত স্বপন খানের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...