বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গত ১৬ থেকে ১৮ আগস্ট কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ আগস্ট রাতে কচুয়া পৌরসভার করইশ মৃধা বাড়ির জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে দাউদ হোসেন (৩০)-এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১৮ আগস্ট শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে রিয়াদ (২৪)-এর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিন গোহট দক্ষিণ পাড়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিন শুভ (২৬)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া আকানিয়া-নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা (৩৫)-এর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে বলরা গ্রামের রিফুজি বাড়িতে অভিযান চালিয়ে তানভীর (২৫)-এর কাছ থেকে আরও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, এসব ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আটক পাঁচজনকে বুধবার (১৯ আগস্ট) বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...